ইসলাম নিয়ে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে স্যামি ইয়াহূদ নামে এক ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার (২৮ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে ‘ঘৃণ্য মতাদর্শ’ বলে মন্তব্য করেছেন ওই ইনফ্লুয়েন্সার। এ ঘটনার জেরে ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার তিন ঘণ্টা আগে তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। ইয়াহূদ আবুধাবিতে পৌঁছানোর পর তাকে সংযোগকারী ফ্লাইটে আটকে দেওয়া হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, এটি অত্যাচার, সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে একটি গল্প।
মঙ্গলবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করা উচিত এবং সঠিক কারণে আসা উচিত।
তিনি বলেন, ঘৃণা ছড়াতে আসা কোনো ভালো কারণ নয়। গত ১৪ ডিসেম্বর বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উদযাপনে গণহত্যার প্রতিক্রিয়ায় চলতি মাসে ঘৃণামূলক অপরাধের আইন কঠোর করেছে অস্ট্রেলিয়া। ওই হামলায় ১৫ জন নিহত হয়।
ঘৃণার ভিত্তিতে মানুষের ভিসা প্রত্যাখ্যান করার জন্য অতীতে যে আইন ব্যবহার করা হয়েছিল, সেই একই আইনের অধীনে ইয়াহুদের ভিসাও বাতিল হয়েছে বলে জানা গেছে।
এদিকে ওই ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানানো রক্ষণশীল অস্ট্রেলিয়ান ইহুদি সমিতি বলছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের ভিসা সিদ্ধান্তের ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে তারা।
এর আগেও ইহুদি দর্শনার্থীদের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়, যার মধ্যে রয়েছে অতি-ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ সিমচা রথম্যানের নামও। গত বছর তার ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার।
আরটিভি/এসএইচএম





